 |
ঢাকা: বলিউড বাদশা শাহরুখ খান যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফোর্বসের প্রচ্ছদে স্থান পেতে যাচ্ছেন। ভারতীয় নায়ক হিসেবে তিনিই প্রথম এ সম্মান পেতে যাচ্ছেন।
আগামী সংখ্যায় ১০০ জন প্রভাবশালী ভারতীয় নাগরিকের তালিকা প্রকাশ করবে সাময়িকীটি।
ভারতের বাজার ধরার চার বছর পেরিয়ে গেছে ফোর্বসের। শাহরুখ খানই প্রথম অভিনেতা হিসেবে প্রচ্ছদে স্থান পেতে যাচ্ছেন।
এরই মধ্যে শাহরুখের আলোকচিত্র তোলার কাজটিও সেরে ফেলেছে সাময়িকীটি। আলোকচিত্র তুলেছেন ডাব্বু রত্নানি।
কাভার স্টোরিতে থাকছে শাহরুখ খানের সফলতার সংজ্ঞা, তার ক্রিকেট দল এবং প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে কিং খানের চিন্তা-ভাবনা।
শাহরুখ খানের জন্ম ২ নভেম্বর, ১৯৬৫ সাল, নয়াদিল্লি, ভারত। ১৯৮০-এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি বাণিজ্যিকভাবে সফল অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এ মুহূর্তে তিনি খ্যাতির চূড়ায় রয়েছেন। শাহরুখ খান ১৩ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর