সিলেট: সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় যুক্তরাজ্য প্রবাসী পুত্রের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক পিতা। মানসিক ভারসাম্যহীন ওই প্রবাসীর হামলায় তার স্ত্রীও আহত হয়েছেন।
রোবাবর রাত ৮টার দিকে সুরমা আবাসিক এলাকার ৫৯ বি/ সুরমা আখালিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ৬৫ বছরের বৃদ্ধ হাজী আফতাব আলীর মূলবাড়ী ওসমানীনগরের তাজপুর এলাকার দাউদকান্দি গ্রামে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে যুক্তরাজ্য প্রবাসী আকতার হোসেন দীপু ধারালো ছুরি নিয়ে হামলা চালান তার বাবা আফতাব আলীর উপর। তাকে রক্ষা করতে দীপুর স্ত্রী সাবিনা বেগম এগিয়ে এলে তিনিও ছুরিকাঘাতের শিকার হন।
তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে দীপুকে আটক করেন। সংকটাপন্ন অবস্থায় আফতাব আলীকে ওসমানী হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
ঘাতক পুত্র দীপু ও তার স্ত্রী সাবিনা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আজম বাংলানিউকে জানিয়েছেন, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ায় দীপু তার বাবাকে করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এসএ/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর