 |
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে সাধারণ সম্পাদক সমর্থক ছাত্রলীগ কর্মী সোহেল রানা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাদার বক্স হলের সামনে রাবি ছাত্ররীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু সমর্থিত কর্মীরা সভাপতি আহম্মেদ আলীকে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
এতে সাধারণ সম্পাদকের সমর্থক ছাত্রলীগ কর্মী সোহেল রানা মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে তাকে ঢাকায় আনা হচ্ছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
এদিকে, গোলাগুলির ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত সোহেল রানা সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা ফজলুল হক হলে থাকতেন।
অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদার বক্স হলে পুলিশ তল্লাসি চালাচ্ছে।
এ ব্যাপারে ছাত্রলীগের সহসভাপতি তাজমহল হিরো বাংলানিউজকে জানান, সম্প্রতি গঠিত নতুন কমিটিতে কিছু অছাত্র ও নবীন কর্মীদের পদ দেওয়ার জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়েছে। যারা আজকে সভাপতিকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর