চট্টগ্রাম: দেশের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট লিমিটেডের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ারও অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার নগরের পেনিনসুলা হোটেলে প্রতিষ্ঠানটির ১৬তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে পরিচালক মো. আমিরুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ, মনোরঞ্জন চাকমা ও এস এম জামাল আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০১১ সালের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ১:১ রাইট শেয়ার (১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) ইস্যুর প্রস্তাব করা হয়। যার ইস্যু মূল্য ৫ টাকা, প্রিমিয়ামসহ ১৫ টাকা এসইসি’র অনুমোদন সাপেক্ষে অনুমোদন করে।
সভায় জানানো হয়, গত বছরে কোম্পানির ১ লাখ ৭৯ হাজার ৪৮৫ মেট্রিক টন সিমেন্ট বিক্রি হয়। যার নিট মূল্য ৯৭৮ দশমিক ১৯ মিলিয়ন টাকা। এতে আয়কর পরবর্তী মুনাফা হয় ৫০ দশমিক ৭৭ মিলিয়ন টাকা।
গতবার আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর এবং উৎসে কর্তিত অগ্রিম আয়কর খাতে সর্বমোট ২১৫ দশমিক ০৮ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকার এই কোম্পানিটি আলোচ্য বছরে ৩৭ হাজার ১২৫ মোট্রক টন সিমেন্ট ভারতের ত্রিপুরায় রপ্তানি করেছে।
সভায় অন্যদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট পরিচালক এস এম রেজাউর রহমান, কোম্পানির সচিব মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় শেয়ারহোল্ডাররা পরিচালকদের প্রতিবেদন, ২০১১ সনের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নিরীক্ষণদের প্রতিবেদন অনুমোদন করেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এমবিএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর