সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘মোস্ট বিউটিফুল ওমেন অব দ্যা ওয়ার্ল্ড’ বলে প্রশংসা করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্ট। শুধু তিনিই নন, হলিউডের অনেক সেলিব্রিটিই ঐশ্বরিয়ার রূপের প্রশংসা করেছেন। সন্তান জন্মের পর মুটিয়ে যাওয়া সাবেক এ বিশ্বসুন্দরীকে কান উৎসবে দেখে অনেকে খানিকটা হতাশ হলেও হলিউড তারকাদের কাছে এবারও তিনি প্রশংসিত হয়েছেন।
সম্প্রতি ঐশ্বরিয়ার রূপের প্রশংসা করলেন হলিউডের সেলিব্রিটি অভিনেতা অ্যালেক ব্যাডউইন। ঐশ্বরিয়া ও অ্যালেক একসঙ্গে লি গ্রান্ড জার্নালের ক্যানেল স্টুডিওতে একটি টিভি শোতে সাক্ষাৎকারে অংশ নেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট গিলস জ্যাকব। সাক্ষাৎকারের এক পর্যায়ে জ্যাকবকে অ্যালেক জানান, তিনি ঐশ্বরিয়ার ভক্ত। হলিউডের ঐশ্বারিয়ার অনেক ক্রেজি ভক্ত আছে।
টেলিভিশন শোটি শেষে অ্যালেক তার বাগদত্তা হিলারি থমাসের সঙ্গে ঐশ্বরিয়ার পরিচয় করিয়ে দেন। হিলারি থমাস ঐশ্বরিয়ার রূপের প্রশংসা করে বলেন, সন্তান জন্মের পর ঐশ্¦রিয়া আরও বেশি সুন্দর হয়ে গেছেন এবং তিনি তাকে অভিনন্দন জানান।
এরপর অ্যালেক হলিউডে আবারও কাজ শুরু করার জন্য প্রস্তাব দিলে ঐশ্বরিয়া জানান, অবশ্যই ভালো প্রস্তাবে তিনি সাড়া দিবেন। কিন্তু এখন নয়। এখন তিনি তার মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে সময়টাকে বেশ উপভোগ করছেন।
‘টোয়ালাইট সাগা’ খ্যাত হলিউডের রবার্ট প্যাটিনসনও ঐশ্বরিয়ার প্রশংসায় দিয়েছেন। কান উৎসবে এবারের অভিজ্ঞতা জানিয়ে ডেইলি মোশান পত্রিকায় এক সাক্ষাৎকারে প্যাটিনসন বলেছেন, বলিউডের তারকাদের মধ্যে ঐশ্বরিয়াকেই সবসময় তার আকর্ষণীয় মনে হয়। এবারও তাকে আকর্ষণীয় লেগেছে।
‘মুড’ ছবির অভিনেত্রী রিজ উইদারস্পুন এবার অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবের রেড কার্পেটে হাটেন। তিনি ফ্রান্সে স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাকারে কথা প্রসঙ্গে বলেন, সন্তান জন্ম দেওয়ার পরও আমি চাইব ঐশ্বরিয়ার মতোই নিজের লাবণ্য ধরে রাখতে।
সন্তান জন্মের পর ভক্তরা মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়াকে দেখে যতোই হতাশ হন না কেন, হলিউড তারকাদের চোখে এখনো তিনি আর্কষণীয় আছেন। অনেক ভক্তই বিশ্বাস করেন, ইচ্ছে করলেই ঐশ্বরিয়া আবার তার ছিপছিপে গড়ন ফিরিয়ে আনতে পারেন এবং অচিরেই তিনি তা করবেন।
বাংলাদেশ সময় ০০১৫, মে ৩০, ২০১২ সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।