ঢাকা: রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের সময় সরকার সমর্থকদের হাতে নৃশংসভাবে খুন হওয়া যুবক বিশ্বজিতের পরিবারকের সমবেদনা জানাতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
নিজ দর্জি দোকানে যাওয়ার পথে ভিক্টোরিয়া পার্কের কাছে বিরোধী পক্ষ মনে করে বিশ্বজিতকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে সরকার সমর্থক ছাত্ররা। পরে স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
বিশ্বজিৎ বড় ভাই উত্তম দাশ ও বৌদির সঙ্গে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ৫৩ ঋষিকেশ দাশ রোডে দ্বিতীয় তলায় দুই রুমের ফ্ল্যাটে সাত বছর ধরে বসবাস করতেন।
তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর মশুরা গ্রামে।
বিশ্বজিতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিলো না বলে জানিয়েছে তার পরিবার।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন ও সোহেলুর রহমান, নিউজরুম এডিটর