 |
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনভর ওঠানামার পর লেনদেন শেষে মূল্যসূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১০৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ০ দশমিক ০৯ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১ হাজার ১১৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার ব্যাপক সূচকপতনে ডিএসইর লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে বেলা ১০টা ৪০ মিনিটে ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে, পৌনে ১১টায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭২ পয়েন্টে, ১১টা ২৫ মিনিটে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে, সাড়ে ১১টায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে, ১১টা ৫৫ মিনিটে ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে, দুপুর ১২টায় ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪৭ পয়েন্টে, ১টায় ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২১ পয়েন্টে, পৌনে ২টায় ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৪ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৮ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে।
চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৪৬ পয়েন্ট ও লেনদেন হয় মোট ১ হাজার ২৮৮ কোটি টাকা। গত প্রায় ১৪ মাসের মধ্যে ডিএসইতে ওইদিন সর্বোচ্চ লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে - বিএসআরএম সিলস, ইউনাইটে এয়ারওয়েজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আরএন স্পিনিং, ইউসিবিএল, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক ও সায়হাম কটন মিলস।
অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ৯ হাজার ১০১ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর