 |
প্রেম করেই আলোকে বিয়ে করেছিল ডিম বিক্রেতা কাজল। গ্রামের মতোই সহজ ও সুন্দর একটা জীবন পার করে দিতে চেয়েছিল আলোকে সঙ্গে নিয়ে।
কিন্তু কাজলের সেই স্বপ্নে ছেদ পড়ে। রাগের মাথায় বউকে তালাক দেয়। কিন্তু সে আলোকে ছাড়া থাকতে পারবে না। তাই বউকে আবার ঘরে আনার জন্য হিল্লা বিয়ের আয়োজন করা হয়।
আলোর হিল্লা বিয়ের পাত্র হিসেবে বেছে নেওয়া হয় কাজলের ঘনিষ্ট বন্ধু কাশেমকে। কিন্তু সুন্দরী আলোকে কাশেম আর হাতছাড়া করতে চায় না।
কাশেম আর আলোকে তালাক দেয় না। আলোর শোকে এক প্রকার পাগল হয়ে যায় কাজল। সমাজের সকলকেই সে এখন তালাক দেয়। সব কিছুকেই সে তালাক দেয়। আলো এখনো চায় ফিরে যেতে কাজলের সংসারে। এরকম একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে একক নাটক ‘মুক্তাহীন ঝিনুক’।
গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাসেল আযম। আই মিন্টু প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এ নাটকে প্রথম বারের মত এক সঙ্গে কাজ করলেন শামীম জামান, শতাব্দী ওয়াদুদ ও জ্যোতিকা জ্যোতি।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারেক মাহমুদ, নাফা, নাহার আহমেদ, রাসেল প্রমুখ। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
এজে