১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:১৫ পিএম BDST banglanew24
15 May 2012   06:57:00 PM   Tuesday BdST
E-mail this

শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, বুধবার বৃহত্তর কর্মসূচি


ইমতিয়াজ মোমিন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, বুধবার বৃহত্তর কর্মসূচি

শাহবাগ থেকে: পুলিশি বাধার মুখে টানা ঘণ্টা ছ’য়েক কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনের রাস্তায় অবস্থানের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।

সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে গণ-গ্রন্থাগারের সামনের রাস্তা ত্যাগ করেন।

এ সময় তাদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারেই থাকবেন তারা। এ সময়ের মধ্যে প্রধানন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ইতিবাচক কোন খবর না এলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শাহবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটকের পর চার শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ।

এরা হলেন- ঠাকুরগাঁওয়ের খলিলুর রহমান, নওগাঁর মোতাহারুল ইসলাম, দিনাজপুরের আবুল কালাম ও নেত্রকোনার সোলায়মান।

এর আগে অসুস্থ হয়ে পড়ার পর নিখোঁজ হয়ে যাওয়া নেত্রকোনার কেন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলীর খোঁজ পাওয়া যায়। জানা যায়, বারডেম হাসপাতালে চিকিৎসা চলছে তার। এর আগে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের ছোঁড়া জলকামানের গরম পানি নাকে ঢুকে তার মৃত্যু হয় বলে খবর ছড়িয়ে পড়ে।

ইদ্রিস আলীর খোঁজ পাওয়ার পর আন্দোলনরত শিক্ষকরা স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে ইদ্রিস আলী ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি আরও চার আহত শিক্ষকের জন্য উদ্বেগ প্রকাশ করেন তারা।

এছাড়া দু’জন পুলিশেরও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

এদিকে পুলিশি বাধার মুখে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে অবস্থান নেওয়া হাজার হাজার শিক্ষকের অনেকেই রাস্তায় শুয়ে পড়েন। তাদের অনেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই অবস্থানের দাবি তোলেন।

যদিও আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে বিকেল তিনটায় লাগাতার অনশনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি কিছুটা পাল্টে যাওয়ায় তা ঘোষণা করা হয়নি।

চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর স‍াড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা হয়। কিন্তু শাহবাগ মোড়ের কাছে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে তাদের আটকে দেয় পুলিশ।

এ সময় শিক্ষকরা ব্যারিডেক ভাঙার চেষ্টা চালালে জলকামান ছোঁড়ে পুলিশ। করে লাঠিচার্জও।
পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকর‍া। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে পুলিশের রমনা জোনের এডিসি আনোয়ার হোসেন তাদের বলেন,  ‘সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি এখানে আসবেন না। শিক্ষকদের মনোনীত প্রতিনিধিকেই স্মারকলিপিসহ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌছে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’

কিন্তু আন্দোলনরত শিক্ষকরা পুলিশের ওই আহবান নাকচ করে দেন।

দুপুর ২টা নাগাদ ব্যারিকেড ডিঙিয়ে শিক্ষকদের একাংশ শাহবাগ মোড়ে চলে এসে মূল সড়ক অবরোধেরও চেষ্টা চালায়। তবে লাঠিপেটা করে তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ।

এ সময় দিনাজপুর জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ কমপক্ষে ৫/৬ জন আহত হন।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ। সোমবার রাতে শহীদ মিনারেই অবস্থান করে তারা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান