 |
ঢাকা: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুরের প্রতিবাদে বৃহস্পতিবার সরাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণার চিন্তা করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল।
এরই মধ্যে ওই মামলার অন্যতম আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মজেলা ঠাকুরগাঁওয়ে বুধবার বিকেল তিনটা থেক অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে পাবনায়। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী হরতাল কর্মসূচি চাইছে বিএনপিসহ ১৮ দলীয় জোটের কর্মীরা।
এ বিষয়ে আলোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে বৈঠকে বসেছেন।
এদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
হরতাল দিচ্ছেন কি না জানতে চাইলে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বাংলানিউজকে বলেন, ‘আলোচনা তো চলছে। আশা করি ৫টার মধ্যে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিতে পারবো।’
এর আগে রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘পার্টি অফিসে যাচ্ছি। সেখানে আলাপ-আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।’
তবে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বাংলানিউজকে বলেন, ‘পার্টি অফিস থেকে কোন সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। রাতে সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা দেবেন।’
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর