 |
ঢাকা: সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (এইবিএ) গঠনের জন্য ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশ কমিউনিটি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম কনভেনশন। ১ ও ২ ডিসেম্বর গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হবে প্রথম সর্ব ইউরোপীয় বাংলাদেশ সমিতির এ কনভেনশন।
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে ইউরোপে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি স্বেচ্ছাসেবী, মানবাধিকার, সেবামূলক, সামজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংগঠন- সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন।
ইউরোপীয় দেশসমূহে এ সংগঠনের র্কমকাণ্ড: সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউরোপে বাংলাদেশি নাগরিকদের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্ব পালন করবে। যার সদর দফতর ব্রাসেলসে প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হচ্ছে।
ইউরোপীয় প্রতিটি দেশে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের শাখা প্রতিষ্ঠা করা হবে। কনভেনশনে উপস্থিত প্রতিটি দেশের প্রতিনিধিদের মধ্য থেকে একজন প্রতিনিধি নির্বাচিত করতে হবে। তাদের মাধ্যমে প্রতিটি দেশে একটি কমিটি গঠন করতে হবে, যার সদর দফতর হবে সে দেশের রাজধানী।
ইউরোপীয় দেশ ও তার বিভিন্ন শহরে ইতোমধ্যে গড়ে ওঠা সংগঠন এ সংগঠনের সদস্য হবে। সংগঠনের প্রতিনিধিরা অবশ্যই দেশীয় কমিটির সদস্য থাকবেন।
ইউরোপীয় দেশসমূহে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের সামাজিক মূল্যবোধের আলোকে জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। ইউরোপীয় দেশে বসবাসরত প্রবাসীদের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ও সাহায্য সহযোগিতা করা; ইউরোপীয় দেশে বাংলাদেশিদের জন্য নতুন কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তৈরিতে বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া; ইউরোপীয় দেশে বাংলাদেশি নাগরিকদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় চর্চার প্রসারের লক্ষ্যে কাজ করবে ও বাধা অপসারণ করবে; বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করা ও প্রবাসীদের কল্যাণে কাজ করা; একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ইউরোপীয় দেশে প্রচারণা ও পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করা; সমন্বিতভাবে বৈশাখী মেলার আয়োজন ও ইউরোপীয় দেশে বাংলা সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করবে।
এছাড়া এ সংগঠন ইউরোপের একেক দেশে বছরে একবার ইউরোপীয় সব দেশের সব সংগঠনের নেতা, সব বাংলাদেশি প্রথিতযষা ব্যক্তিদের সঙ্গে নিয়ে একটি সর্ব ইউরোপীয় মহামিলনমেলা তথা কনভেনশনের আয়োজন করবে।
বাংলাদেশে সংগঠনের কর্মকাণ্ড: বাংলাদেশে সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একটি শাখা প্রতিষ্ঠা করা হবে। শাখা অফিসের মাধ্যমে বাংলাদেশে সরকারের সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে ইউরোপীয় কেন্দ্রীয় অফিসের যোগাযোগ রক্ষা করে কেন্দ্রীয় অফিসের নির্দেশনা সাপেক্ষে তা পরিচালিত হবে। বাংলাদেশে শাখা অফিসের মাধ্যমে ইউরোপীয় সব দেশের প্রবাসী সদস্য ও তার পরিবারকে সেবা দেওয়ার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার প্রতিষ্ঠা করা হবে। ইউরোপীয় দেশে প্রবাসীদের বাংলাদেশে পরিবার পরিজনের যে কোনো বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবে ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবে। বিদেশ থেকে আগত প্রবাসীদের ঢাকায় একটি বিনোদনমূলক, অবসর যাপন, সাময়িক অবস্থানের জন্য একটি প্রবাসী ক্লাব প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ হতে ইউরোপীয় দেশে কর্মপ্রত্যাশীদের ইউরোপীয় র্কমবাজারের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ভাষা ও পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রয়োজনীয় তথ্য ও পরার্মশ দেওয়া, বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করবে। ইউরোপীয় দেশে কাজ প্রত্যাশীদের ওয়ার্ক পারমিট প্রসেসিং, মাইগ্রেশন ভিসা প্রসেসিং, স্টুডেন্ট অ্যাডমিশন ও ভিসা প্রসেসিং, ফ্যামিলি রিইউনিয়ন প্রসেসিং ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে। প্রবাসীদের জীবন যাত্রার মান উন্নয়নে, কর্মসংস্থানে ও ব্যবসা বাণিজ্য প্রসারে সুবিধা অসুবিধা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে উপস্থাপন করা, তা নিরসনে ও বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করবে। ইউরোপীয় দেশে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রবাসীদের ও তাদের পরিবারের কল্যাণে কাজ করা।
সংগঠনের প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়নে ইউরোপীয় দেশে বসবাসরত সব বাংলাদেশিদের এ প্রবাসীদের এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করে এ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ১ ও ২ ডিসেম্বর এথেন্সে অনুষ্ঠিতব্য প্রথম কনভেনশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
রেজিস্ট্রেশন ডেড লাইন : ১৫ নভেম্বর ২০১২। ইমেইল: aeba.athens@yahoo.com /aeba@italbangla.net
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য : www.aeba.eu থেকে পাওয়া যাবে। এছাড়া তথ্যের জন্য মেইল করা যেতে পারে / aebaconvention@yahoo.comঠিকানায়।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: প্রভাষ চৌধুরী,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর