ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
একই স্থানে এবং একই সময়ে ইসলামী ঐক্যজোট ও জেলা ওলামা পরিষদ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদরে এ আদেশ বলবৎ থাকবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়েত মো. শাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মুফতি আমিনীর গৃহবন্দির অবসান দাবি করে ইসলামী ঐক্যজোট উপজেলার কুট্টপাড়া খেলার মাঠে বৃহস্পতিবার দুপুর ২টায় মহাসমাবেশের ঘোষণা দেয়। জেলা ওলামা পরিষদও যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে একই স্থানে সমাবেশ ডাকে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খেলার মাঠসহ পুরো উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মে ০৩, ২০১২
সমীর চক্রবর্তী/ সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর swin@banglanews24.com