 |
ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম মোর্চার ডাকা হরতালের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্য সূচকের পতন প্রবণতায় লেনদেন চলছে।
উল্লেখ্য, বিজয় দিবস থাকার কারণে গত রোববার উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ছিল।
এদিকে, সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬ পয়েন্ট কমে লেনদেন শুরু হয়। ১০টা ৪০ মিনিট থেকে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা লক্ষ করা যায়। এ সময়ে ডিএসইর সূচক ৪ পয়েন্ট কমে যায়। ১০টা ৪৫ মিনিট থেকে ডিএসইর সাধারণ সূচকে সমতা ফিরে আসে।
১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু ১০টা ৫৫ মিনিটে সূচক আবার ৪ পয়েন্ট কমে যায়। ১১টার দিকে সূচক প্রায় ১৪ পয়েন্ট কমে যায়। বেলা সাড়ে ১১টায় ১৩ পয়েন্ট, দুপুর ১২টায় ২৭ পয়েন্ট এবং সাড়ে ১২টায় সূচক ৪০ পয়েন্ট কমে যায়। দুপুর ১টায় ডিএসইর সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১শ ৩৫ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, দুপুর ১টা পযর্ন্ত ডিএসইতে ১শ ৭৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪২ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১শ ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং বেক্সিমকো লিমিটেড।
অন্যদিকে, একই সময়ে ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১শ ১ পয়েন্ট কমে অবস্থান করে ৮ হাজার ৮ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়, মোট ৩১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর