 |
ঢাকা: স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার বা ল্যাপটপ এখন মানুষের নিত্যসঙ্গী। প্রযুক্তি তরুণ প্রজন্ম অনেকটা আসক্ত হয়ে পড়ছে এসব তথাকথিত স্মার্ট ডিভাইসের প্রতি।
কিন্তু এসব ডিভাইসের অতিরিক্ত ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপি।
সাম্প্রতিক এক গবেষণায় তারা দেখেছে, অফিস থেকে বের হওয়ার পরও যারা স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে সময় কাটান কাজ করেন তাদের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। স্মার্ট ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্ত এই প্রজন্মকে প্রতিষ্ঠানটি ‘স্ক্রিন দাস’ বলে আখ্যায়িত করেছে।
তারা বলেছে, এদের পিঠে বা ঘাড়ে ব্যথার অন্যতম কারণ এই আসক্তি।
আর এই স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে তাদের এ আকর্ষণীয় ডিভাইসগুলো বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছে।
অফিসে কম্পিউটারের সামনে কাজ করেন এমন দুই হাজার ১০ জন মানুষের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়- প্রায় দুই-তৃতীয়াংশ অফিস ঘণ্টার বাইরেও নানা কাজে ব্যস্ত থাকেন।
তারা দেখেছে, অফিসে কাজ করা মানুষের প্রায় সবাই প্রতিদিন গড়ে অতিরিক্ত দুই ঘন্টারও বেশি সময় ব্যয় করেন এই ডিভাইসগুলোর সামনে।
তবে অফিসে ব্যস্ততায় একটু চাপমুক্ত থাকতেই মানুষ সাধারণত এসব ডিভাইস ব্যবহার করে। আর এটিই তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুমি এডিটর