পপসম্রাট আজম খানকে নিয়ে এবার গান করলেন তার বড় মেয়ে ইমা খান। গানটিতে ইমা খান ছাড়াও বেশ কয়েকজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম— ‘কেউ বলে পপগুরু, কেউ বলে সম্রাট’।
কাজী রোজীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব। সম্প্রতি বিপ্লবের নিকেতনের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ইমা।
বাবাকে নিয়ে গান করার বিষয়ে ইমা খান বাংলানিউজকে বলেন, “আব্বু অসুস্থ হওয়ার অনেক আগে থেকেই আমাকে দিয়ে একটা অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন। যেখানে বাবারও কয়েকটি গান থাকার কথা ছিল। কিন্তু বাবা অসুস্থ থাকার কারণে শেষ পর্যন্ত হয়নি। এবার বিপ্লব ভাইয়ের আগ্রহে গানটি করেছি। আর গানটি করে আমারও বেশ ভালো লেগেছে।”
উল্লেখ্য এর আগেও ইমা খান ‘দেশ আমার দেশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন। দেশাত্ববোধক এ গানটি গত বছর কোরবানি ঈদে দেশ টিভির ‘স্মৃতির পাতায় তুমি’ নামের অনুষ্ঠানে প্রচার হয়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর