 |
রিয়াদ: প্রতি বছরের মতো এবারও রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবের পবিত্র দুই মসজিদে বিশেষ আয়োজন করা হয়েছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন পবিত্র দুই মসজিদের ইমাম আব্দুর রাহমান আল সুদাইসি।
অতীতের যে কোনো সময়ের চেয়ে এ বছর রমজান মাসে উমরাহ পালনকারীর সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে । সে জন্য আসছে রমজানকে সামনে রেখে আভ্যন্তরীণ ও বহিঃবিশ্বের প্রায় ৫.৫ মিলিয়ন (৫৫লাখ) মুসলমান পবিত্র উমরা পালনে করতে আসবেন বলে জানান তিনি।
সুদাইসি আরও জানান, সে ভাবেই উমরাহ ভিসা দেওয়া হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে উমরাহ পালন ও মদিনায় মসজিদে নববী জেয়ারত করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুরো রমজান মাস জুড়ে দুই মসজিদে আল্লাহর মেহমানদের জন্য ইফতারের সময় ইফতারির প্যাকেট এবং জমজমের পানি বিতরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাহির থেকে যাতে কেউ খাদ্য বা পানীয় সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইফতার পরবর্তী খাবারের উচ্ছিষ্ট পরিষ্কারের জন্য মদীনায় নিয়মিত দুই হাজার কর্মীর পাশাপাশি অতিরিক্ত নয়শত কর্মী দায়িত্ব পালন করবেন। পবিত্র মসজিদে প্রতিদিন ২৯০টনের ১৩০০ড্রাম পানি রিজার্ভ রাখার ব্যবস্থা করা হয়েছে।
নতুন আগত উমরাহ পালনকারীদের জন্য গেটের সামনে পথ নির্দেশক এবং পরীক্ষার জন্য লোক নিয়োগ দেয়া হয়েছে। দুই মসজিদের প্রধান প্রধান দরজাগুলোতে দিকনির্দেশনা দেয়া হয়েছে। পবিত্র মক্কায় প্রতিদিন তিন হাজার শ্রমিক ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতার কাজে অংশ নেবে।
প্রতিদিন বিশ্বের খ্যাতিমান আলেমরা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখবেন। এবং আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ারও ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদ ছাড়াও প্রায় প্রতিটি সড়কের সিগনালে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে পানি, খেজুর, লেবান (মাঠা জাতীয় পুষ্টিকর পানীয়) দিয়ে তৈরি ইফতারের প্যাকেট সরবরাহ করা হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর