 |
মেলবোর্ন: আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর জোর দিয়েছেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা। শেন ওয়াটসন ও বেন হিলফেনহস পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে দলে অন্তর্ভুক্ত না হলেও রয়েছেন টি-টিয়োন্টিতে। প্রথম বারের মতো অসি দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ মাসের শুরুতে ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় ওয়াটসন ও হিলফেনহসকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ওয়ানডেতে না খেলেও টি-টোয়েন্টির স্কোয়াডে রয়েছেন উভয়েই। তবে প্রথম বারের মতো নির্বাচকদের দলে অন্তর্ভুক্ত হওয়া অফস্পিনার ম্যাক্সওয়েল রয়েছেন উভয় ফরম্যান্টের ক্রিকেটেই।
ইংল্যান্ড সফর মিস করলেও মাইকেল হাসি রয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। ওয়ানটসের অনুপস্থিতিতে ওয়ানডে দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার। এছাড়া এক বছরেরও বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরেছেন কালাম ফার্গুসন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, ডান ক্রিস্টিয়ান, জাভিয়ের ডোহার্টি, কালাম ফার্র্গুসন, ডেভিড হাসি, মাইকেল হাসি, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকেই, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়াডে।
টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), শেন ওয়াটসন, ডান ক্রিস্ট্রিয়ান, প্যাট কামিন্স, ডোহার্টি, বেন হিলফেনহস, ব্রেড হগ, ডেভিড হাসি, মাইকেল হাসি, ম্যাক্সওয়েল, ম্যাকেই, স্টার্ক, ওয়াডে, ওয়ার্নার ও ক্যামেরন হোয়াইট।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর