ঢাকা : সৌদি আরবে সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলী।
শনিবার বিকেলে জেদ্দায় খালেদা জিয়ার হোটেল কক্ষে এসে দেখা করেন আইডিবি’র চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলী। এ সময় তারা দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয়ে আলোচনা করেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী তার উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, দলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ দূত এনামুল হক চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া সৌদি চিকিৎসা ও পবিত্র উমরাহ পালনের জন্য শুক্রবার রাতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। তিনি সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে পবিত্র উমরাহ পালন করে মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (সঃ) রওজা জিয়ারত শেষে রিয়াদের কিং সউদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এছাড়াও প্রবাসী দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাতের কর্মসূচিও আছে বলে জানা গেছে।
২১ জুন রাতে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময় : ০৩২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এমএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর