 |
ঢাকা: ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত রাজধানীর এক হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মহানগর বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের পাশে থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল।
রোজার মাসে ঢাকার নির্বাচনী আসনগুলোর প্রতিটিতে ইফতার পার্টি করারও নির্দেশ দেন তিনি।
এছাড়া যেসব ওয়ার্ড ও থানায় এখনও মহানগর বিএনপির কমিটি হয়নি সেগুলো দ্রুত করারও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
কাঙ্খিত পদ না পাওয়া বা নির্যাতনের ভয়ে অথবা কোন অভিমানে যারা দলে নিষ্ক্রিয় আছেন তাদের সক্রিয় করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ আমাদের আরও যেসব জাতীয় গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সেসব আদায়ে ঈদের পরে বড় ধরনের যে কর্মসূচি আসবে তা সফল করতে ঢাকা মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। আর এজন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা ভুলে যেতে হবে। কাধে কাধ মিলিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করতে হবে।”
এ সময় মোহাম্মদ শাহাবউদ্দিন, এমএ কাইয়ূম, আনোয়ারুজ্জামান, মোহাম্মদ মোহন, আব্দুল আলিম নকি, আলী আসগর মাতবর, সামসুল হুদা, এমএ মজিদ, এমএ খালেক, এম আজিজুল্লাহ, আতিকুল্লাহ আতিক, বজলুল বাসিদ আনজুসহ ১৯ জন যুগ্ম আহবায়ক উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমএম/ জেডএম