 |
ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যুর খবর অবশেষে গুজবে পরিণত হলো। এর আগে তিনি ‘ক্লিনিক্যালি ডেড’ বলে জানিয়ে খবর পরিবেশন করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এমনকি দেশটির জাতীয় সংবাদ সংস্থা মিনা হোসনি মোবারকের মৃত্যু হয়েছে এমন একটি খবরও প্রচার করে। এই খবরের পরই দেশটির সামরিক হাসপাতালের বাইরে জড়ো হয় তার পক্ষে বিপক্ষের হাজার হাজার লোক।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, হোসনি মোবারক সঙ্কটাপন্ন অবস্থায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে বলে খবর রটে। তিনি এখন কোমায় রয়েছেন বলেও জানানো হয়। তবে তার লাইফ সাপোর্ট খুলে রাখা হয়েছে কি না তা এখনও কোনো নির্ভর যোগ্য সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
সামরিক সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার ৮৪ বছর বয়সী মোবারক স্ট্রোক করায় তাকে কায়রো জেল হাসপাতাল থেকে মাদির সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে প্রথমে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তবে বুধবার লাইফ সাপোর্ট খুলে নিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে মাদি হাসপাতালে মুমূর্ষু মোবারকের পাশে স্ত্রী সুজান রয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হৃদপিণ্ড, রক্ত এবং মস্তিষ্ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ১৫ সদস্যের একটি চিকিৎসক দল মোবারকের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তবে একটি সূত্র নাম না প্রকাশের সূত্রে সংবাদমাধ্যমকে জানিয়েছে মঙ্গলবার মোবারকের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলেও বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত বছরই ক্ষমতা থেকে উৎখাত হয় হোসনি মোবারক। পরে তার বিরুদ্ধে আনা বিদ্রোহীদের হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
বিচার চলাকালেই তার অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়াচ্ছিল সংবাদ মাধ্যমগুলো। তবে সবগুলোই পরে ভুল বলে প্রমাণিত হয়।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর