ঢাকা: বৃহস্পতিবার হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় মেসে ও বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
বিশেষ করে যেসব এলাকায় জামায়াত-শিবিরের প্রাধান্য রয়েছে ও মসজিদ সংশ্লিষ্ট মেস গুলোতে এ তল্লাশি চালানো হচ্ছে।
আটক শিবির নেতা-কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এ তল্লাশি চালানো হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন রমনা জোনের ডিসি উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলেন, “রাজশাহী ও চট্টগ্রাম থেকে আসা জামায়াত-শিবিরের কর্মীরা বিশেষ কোনো নাশকতার উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
তল্লাশিতে সন্দেহজনক মনে হলে নিরাপত্তার স্বার্থে গ্রেফতার করা হতে পারে বলেও জানান সৈয়দ নুরুল ইসলাম।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “সরকার অন্যায়ভাবে আমাদের কর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। হরতাল বানচাল করার জন্যই সরকার এ কাজ করছে।”
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসকেএস/এনএম/আইএ/এটি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর