কুড়িগ্রাম : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমিনের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মশালার আয়োজনে দায়িত্বে অবহেলার কারণে কুড়িগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত পূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত করার আদেশ বৃহস্পতিবার ফ্যাক্সে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।
এ নিয়ে শিক্ষকসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষকরা এটিকে ছোট ভুলের জন্য বড় শাস্তি বলে অভিহিত করেছেন।
জানা যায়, গত ১৭ জুন কুড়িগ্রাম টাউন হলে ‘শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন।
সেই কর্মশালায় প্রয়োজনীয় সংখ্যক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য উপস্থিত না থাকায় মন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া ওই অনুষ্ঠানে রাজারহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নুর মো. আক্তারুজ্জামান জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।
একইদিনে জেলার নাগেশ্বরী এবং পরদিন ১৮ জুন উলিপুর ও রৌমারীতে এ ধরনের দুটি কর্মশালায় একই ধরনের অব্যবস্থাপনা দেখে মন্ত্রী ক্ষুব্ধ হন।
বুধবার স্বাক্ষরিত বরখাস্তের এ আদেশ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অফিস থেকে জেলা প্রশাসকের অফিসে ফ্যাক্সযোগে পাঠানো হয়।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এখনও কাউকে তার স্থলাভিষিক্ত করা হয়নি।
বরখাস্তকৃত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আদেশ পাওয়ার কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, তিনি জ্ঞাতসারে কোনো অপরাধ করেননি। তিনি আশা করেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর