ঢাকা: ‘পত্রিকাগুলোতে শোক বার্তা ছাপাতে হলে স্বনামধন্য ব্যক্তি হতে হবে। আর যদি স্বনামধন্য ব্যক্তি না হন, তা হলে পত্রিকাগুলো আপনার শোক বার্তা ছাপাবে না।’ এমন আক্ষেপ প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ায় ওবায়দুল কাদের বিভিন্ন পত্রিকায় শোকবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু পত্রিকায় তার শোকবার্তা ছাপা হয়নি। এ জন্য তিনি এ আক্ষেপ প্রকাশ করেন।
মন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘গতকাল একটি মর্মান্তিক সড়ক র্দুঘটনা ঘটেছে, এতে আমরা সকলেই মর্মাহত। এ রকম মৃত্যু সত্যিই কষ্টের। আশা করবো এ রকম ঘটনা যেন না ঘটে।’
ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল মর্মান্তিক দুর্ঘটনায় অনেকগুলো প্রাণ হারিয়ে গেল। তাদের প্রতি শোক প্রকাশ করতে বিভিন্ন পত্রিকায় শোক বার্তা পাঠিয়েছিলাম। কিন্তু আজ সকালে সব পত্রিকা দেখলাম, কোনো পত্রিকায় এই শোকবার্তা ছাপা হয়নি। তাই মনে হলো খ্যাতিনাম ব্যক্তি ছাড়া পত্রিকাগুলো শোকবার্তা ছাপে না।’
বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘রোল অব কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিসিয়েন্ট ট্রাফিক সিস্টেম ফর এক্সপ্লানশন অব ট্রেড অ্যান্ড কমার্স’ শীর্ষক সেমিনারে তিনি এ আক্ষেপ করেন।
উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বিপরীতমুখী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১২ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর