চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানার সামনে রাখা টেম্পুতে বাসের ধাক্কায় দুই আনসার সদস্যসহ ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এরা হলেন- ২৫ আনসার ব্যাটালিয়নের মো. আকছির মিয়া (৩০), বিল্লাল (৪০) এবং টেম্পুর চালক আরিফ (২৫)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. লতিফ বাংলানিউজকে বলেন, ‘থানার সামনে রাখা পুলিশের একটি টেম্পুতে চালকসহ কতব্যরত দু’আনসার সদস্য বসা ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ কে খান থেকে নিউমার্কেটগামী ৭ নম্বর মেট্রো সার্ভিসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে আনসার সদস্যসহ চালক গুরুতর আহত হন। এর মধ্যে আনসার সদস্যরা হাতে-পায়ে এবং চালক বাম পায়ে গুরুতর আঘাত পান। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঘাতক বাসটিকে ঘটনাস্থল থেকে আটক করা গেলেও চালকসহ সহকারীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিযেছেন ওসি লতিফ।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর