 |
ঢাকা: বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নাইজেরিয়ার এরিক এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার (সিসিও) কনোর প্রেন্ডারগাস্টের সাক্ষাৎকার নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে টানা এক ঘন্টা এই সাক্ষাৎকার নেওয়া হয়।
এ সময় বিমানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিমান সচিব ও এমডি নিয়োগ কমিটির প্রধান খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটি।
জানা গেছে, ৯ মাসেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের পদটি শূণ্য থাকায় ২০১২ সালের ২৪ মে বিমানের এমডি পদের জন্য দেশি-বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
এতে আগ্রহী দেশি-বিদেশি প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ও ছবিসহ ৩০ জুনের মধ্যে বিমানের প্রধান কার্যালয়ের ঠিকানায় আবেদন করতে বলা হয়।
বিমান সূত্রে জানা গেছে, এই পদে গত ২৪ জানুয়ারি ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক জেনারেল ম্যানেজার কেভিন স্টিলের সাক্ষাৎকার নেয় বিমান ।
অদক্ষতার দায়ে ব্রিটিশ এয়ারওয়েজ থেকে চাকরিচ্যুৎ কেভিন স্টিলের বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রায় চুড়ান্ত। কেভিন বর্তমানে এরিক এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
বিমানের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিকার অংশ হিসেবেই কনোর সাক্ষাৎকার নেওয়া হলো। এর আগে গত ডিসেম্বর মাসের শেষের দিকে কেভিন ও কনোর সঙ্গে ভিডিও কনফারেন্স করে বিমানের এমডি নিয়োগ কমিটি।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
আইএইচ/ সোহেলুর রহমান, নিউজরুম এডিটর