 |
রাজশাহী: গোটা রমজান মাসই ছিল বৃষ্টিহীন। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠেছিলেন উত্তর জনপদের মানুষ। সোমবার ঈদের দিন দুপুর ১২টা পর্যন্ত একই অবস্থায় দিন কেটেছে। তবে সাড়ে ১২টার দিক থেকে রাজশাহী মহানগরীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
টানা দাবদাহের পর এই বৃষ্টিতে মহানগরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরলেও ছেদ ঘটেছে ঈদ আনন্দে। বিকেলে রোদ কমলে ঈদের আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করতে যারা বিনোদন স্পটগুলোতে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনেকের সে আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি।
তবে অনেক তরুণ-তরণীকে ছাতা মাথায় নিয়েই এর মধ্যে বেরিয়ে পড়তে দেখা গেছে ঈদের খুশি উপভোগ করার জন্য। আবার দাবদাহের পরে অনেককে ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। এমন বৃষ্টি পেয়ে তারা যেন প্রতিটি মুহূর্ত প্রাণভরে উপভোগ করছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই মহানগরীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর থেকেই মুষলধারে বৃষ্টি নামে। তবে হালকা বিরতি দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। এতে অনেক রাস্তা-ঘাট বর্তমানে কর্দমাক্ত হয়ে চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে।
রাজশাহী অবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক দেবেন্দ্রনাথ বাংলানিউজকে জানান, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২.২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
শরীফ সুমন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর