 |
ঢাকা: জীবন বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হতে পারে এমন খবরে সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।
বাজার ঘুরে দাঁড়ানোর পেছনে এ খবরটি ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকাররা।
বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর থেকেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বেলা ১২টা পর্যন্ত এমন প্রবণতা অব্যাহত থাকে। কিন্তু বেলা ১১টায় ডাকা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবীর হোসেন লাইফ ফান্ডের টাকা পদ্মাসেতুতে বিনিয়োগ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারে এ ফান্ডের অর্থ বিনিয়োগে অগ্রগতি সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় তিনি বলেন, লাইফ ফান্ডের টাকা বিনিয়োগের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার কাছে বিআইএর পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয়, যা এসইসি ইতিবাচকভাবে বিবেচনা করছে।
বিআইএর দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে- লাইফ ফান্ডের তহবিল ব্যবস্থাপনার জন্য মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স, আইপিওতে ১০ শতাংশ কোটা সুবিধা ও অ্যাসেট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করা।
বিআইএ সভাপতির এমন বক্তব্য বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সূচক বাড়তে থাকে।
বৃহস্পতিবারের লেনদেন চিত্রে দেখা গেছে, বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বুধবারের চেয়ে ৪০ পয়েন্টে কমে যায়। তবে এরপর থেকেই বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়। ফলে লেনদেন শেষে পূর্ববর্তী দিনের চেয়ে ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৪২৯০ দশমিক ৮১ পয়েন্টে গিয়ে দাঁড়ায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “বাজারে বেশ কয়েকদিন ধরে কোনো ইতিবাচক খবর নেই। সব খবরই বাজারের পরিপন্থি। এতে বিনিয়োগকারীরা ভিতিগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু বৃহস্পতিবার লেনদেনের মধ্যে লাইফ ফান্ডের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ হতে পারে এমন খবরে বিনিয়োগকারীরা একটু নড়েচড়ে বসেন। মূলত এক কারণেই লেনদেনশেষে সূচকে পজেটিভ ছিল।”
যদিও চলতি সপ্তাহের বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ৪৫৭২ দশমিক ৮৭ পয়েন্ট নিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু পরবর্তী দুই কার্যদিবসে সূচক ২১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৪৩৬০ দশমিক ৫৩ পয়েন্টে নেমে যায়। এরপর বুধ এবং বৃহস্পতিবার দুই কার্যদিবসে সূচক বাড়ে মাত্র ৩০ পয়েন্ট।
ফলে চলতি সপ্তাহের লেনদেনশেষে দেশের প্রধান পুঁজিবাজার সূচক হারিয়েছে ১৮২ দশমিক ৩৪ পয়েন্টে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর