১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৫৬ এএম BDST banglanew24
26 Jun 2012   09:13:16 AM   Tuesday BdST
E-mail this

খালেদা জিয়ার স্বাস্থ্য কূটনীতি!


সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদা জিয়ার স্বাস্থ্য কূটনীতি!

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯ দিনের সৌদি আরব সফর শেষে সোমবার ভোরে দেশে ফিরেছেন। নানা কারণে খালেদার এই সফর নানা আলোচনা ও ধারণার জন্ম দিয়েছে। যদিও চিকিৎসাই মূল উদ্দেশ্য এই সফরের, কিন্তু তার সঙ্গে আরো ক’টি উদ্দেশ্য অনেকেই জুড়ে দিচ্ছেন।

বিএনপি সূত্রও জানিয়েছে, সৌদি সফরে ‘এক ঢিলে চার পাখি’  শিকার করেছেন তাদের দলনেত্রী। এই সফরে চিকিৎসা, উমরাহ পালন, দলের তৎপরতা বাড়ানো এবং মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছেন খালেদা।  

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে তার উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এবং সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী ছিলেন।

রিয়াদে বাদশা ফয়সাল বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তবে চিকিৎসার সঙ্গে সঙ্গে বিএনপিপ্রধান তার দলীয় কর্ম-তৎপরতা চালিয়েছেন সমানতালে। তিনি সফর করেছেন জেদ্দা, রিয়াদ ও মক্কা।

১৬ জুন জেদ্দা বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। ১৮ জুন রাতে খালেদা জিয়া উমরাহ পালন করেন। এই সফরকে কেন্দ্র করে সৌদির সমর্থকদের সঙ্গে মূল দলের হৃদ্যতা অনেক বেড়েছে বলে দলীয় সূত্র জানায়।

১৯ জুন মঙ্গলবার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সবই ছিলো নিয়মানুযায়ী দলীয় ও ব্যক্তিগত কাজ।
 
১০ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরি। সাক্ষাতে সৌদি আরবের রাজকীয় মেহমান হতে দেশটির বাদশাহর আমন্ত্রণ খালেদাকে পৌঁছে দেন তিনি।
 
এদিকে ১৬ জুন সৌদি যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী নায়েফ বিন আব্দুল আজিজের মৃত্যু হয়।
 
এদিকে ১৬ জুন খালেদার সঙ্গে দেখা করেন ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলী। বাংলাদেশে কার্যক্রম চালুর পর থেকে এই সংস্থাটি সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে।
জেদ্দার ইসলামী উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রতিষ্ঠান শক্তিশালীকরণ প্রকল্প গঠন ও বাস্তবায়নে সহায়তা দিচ্ছে আইডিবি। পাইলট প্রকল্পের আওতায় বাংলাদেশে এখন একটি মহিলা মাদ্রাসাসহ ৬টি মাদ্রাসা চলছে তাদের অর্থায়নে। দাখিল পর্যায়ে ভোকেশনাল কোর্স বাংলাদেশে তারাই প্রথম চালু করে।

বাকি মাদ্রাসাগুলো হলো চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাটিয়া মাদ্রাসা, গাজীপুরের কাপাসিয়ায় দণি গাঁও মাদ্রাসা, বগুড়ার শেরপুরে হাপুনিয়া মাদ্রাসা, ঢাকার উত্তরায় নয়ানগর মাদ্রাসা, ঝিনাইদহের কালিগঞ্জে পাক শরিক মাদ্রাসা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে রসুলপুর মহিলা মাদ্রাসা। বর্তমানে তাদের অর্থায়নে ১০টি প্রকল্প চলমান রয়েছে। সরকার তাদের কাছ থেকে আরও ২ বিলিয়ন ডলার ঋণ চাইছে।
 
তাছাড়া পদ্মাসেতু প্রকল্পে ১৪ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার কথা রয়েছে সংস্থাটির। সে হিসেবে খালেদার এ বৈঠকটিও ছিল অনেক গুরুত্বের।
 
এরপর ১৮ জুন খালেদা জিয়া বৈঠক করেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফের সঙ্গে। ১৯ জুন বৈঠক করেন জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ড. একমেলেদ্দিন এহ্সান ওগলোর সঙ্গে।

সম্প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি’কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গাজীপুরে স্থাপিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ওআইসির।
 
এদিকে বিগত কয়েক বছরে সৌদিতে বাংলাদেশি পেশাজীবী জনশক্তি রফতানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এজন্য বর্তমান সরকারকেই অনেকেই দায়ী করেন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান