 |
সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ভারতীয় বিনোদন ম্যাগাজিন `ফিল্মফেয়ার` একটি আর্টিকেল প্রকাশ করেছে। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যায় উপমহাদেশের এই বিখ্যাত শিল্পীর ক্যারিয়ার এবং জীবন নিয়ে প্রকাশিত ওই আর্টিকেলটির শিরোনাম `বিয়ন্ড বর্ডাস।’
প্রকাশিত ওই লেখায় রুনা লায়লার সঙ্গীতজীবন, তার উল্লেখযোগ্য অর্জন, বলিউডের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং ভারতে তার সাম্প্রতিক রিয়ালিটি শো ‘সুরক্ষেত্র’ এর উপর আলোকপাত করা হয়েছে।
রুনা লায়লার একান্ত সাক্ষাৎকারের ওপর নির্ভর করেই লেখা হয়েছে ওই প্রতিবেদনটি। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শিল্পীরা হলেন বাতাসের মতো। আমাদের কোন নির্দিষ্ট সীমারেখা নেই, নেই কোন নির্দিষ্ট বলয়। আমাদেরকে কোন গন্ডির মধ্যে আবদ্ধ করার চেষ্টা আসলে বোকামী। আমাদের কর্মকে যারা গ্রহণ করেন, তাদের সবার জন্য শিল্পীরা নিয়োজিত।’
উপমহাদেশের বিখ্যাত শিল্পী মেহেদী হাসান, আবিদা পারভীন, লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন রুনা। নিজের সঙ্গীত ক্যারিয়ারের বিকাশের জন্য তাদের কথা অত্যন্ত শ্রদ্ধাভরেই স্মরণ করেছেন তিনি। ফিল্মফেয়ার এর ওই সংখ্যাটি প্রকাশিত হয়েছে ১০ অক্টোবর, ২০১২ তে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১২
এমকে