নয়াপল্টন থেকে: দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ১৮ দলীয় জোট ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “লুটপাট আর দুর্নীতির কারণে দেশে এখন ১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে।”
এম কে আনোয়ার বলেন, “সারাদেশে চাঁদাবাজি বেড়েছে। যে কারণে দ্রব্যমূল্যের দাম প্রতিদিনই বাড়ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এতোই বেড়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।”
তিনি বলেন, “লুটপাট আর দুর্নীতির কারণে দেশে এখন ১ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। এছাড়া দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে।”
এম কে আনোয়ার ছাড়াও সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিককুল ইসলাম মিয়া, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এমপি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, মহিলা দল সভাপতি নুরী আরা সাফা, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর