 |
চেন্নাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে শিরোপা জেতার রেকর্ড গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ইউসুফ পাঠান।
প্রতিযোগিতার প্রথম শিরোপা জেতেন রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ সালে। সেবার শেন ওয়ার্নের দুর্দান্ত পারফরমেন্সে আইপিএলের প্রথম আসরেই বাজিমাত করে রাজস্থান। আর ব্যাট হাতে চোখধাঁধানো পারফর্ম করেন ইউসুফ।
রাজস্থান চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতায় যোগ দেন ইউসুফ। গত দুই মৌসুম ধরে নাইট রাইডার্সেই খেলছেন এই অলরাউন্ডার। রোববার প্রতিযোগিতার পঞ্চম আসরে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেট হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তার দল। সে সুবাদে দুটি ভিন্ন দলের হয়ে আইপিএল জেতার রেকর্ডও গড়লেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।
কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরের নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন ইউসুফ। বলেন, ‘গত দুই মৌসুম ধরে দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন গৌতম। এজন্য তাকে শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করা যেতে পারে। খেলোয়াড়দের দারুণ সমর্থন দিয়েছেন গৌতম। আমরা একটা দল হিসেবে খেলে সফল হয়েছি।’
প্রথম প্লে অফ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দারুণ খেলেছেন ইউসুফ। তার ব্যাট থেকে আসে ৪০ রান। যদিও ফাইনালে সেভাবে জ্বলে উঠতে পারেননি। তারপরও শিরোপা জিতেছে কলকাতা। দলের জয়ে খুশি ইউসুফ বলেন, ‘মানবিন্দর বিসলা ও জ্যাক ক্যালিস খুব ভালো খেলেছেন। মূলত বিসলার ৮৯ ও ক্যালিসের ৬৯ রানে আমরা জিতেছি।’
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস