ঢাকা: লিন্ডে লিক্যুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্লান্ট বিক্রি করার প্রস্তুতি নিয়েছে। লোকসান সামাল দিতে না পারায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোম্পানিটির হিসেব মতে, আগের বছরের তুলনায় গত ৬ মাসে ২০ শতাংশ মুনাফা কমে গেছে।
কোম্পানিটির এলপিজি সরবরাহ করত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি)। কিন্তু গত সেপ্টেম্বর থেকে এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়ায় তারা লোকসানের মুখে পড়ে। শেয়ারবাজারে তালিকাভূক্ত এ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিক্রি করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
জানা যায়, জার্মানভিত্তিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের এলপিজি প্লান্ট ইউনিট গত বছর থেকে লোকসানের মধ্যে পড়ে যায়। এ কারণে ২৩ জুলাই বোর্ড সভায় সিদ্ধান্ত নেয় কোম্পানিটি বিক্রি করে দেওয়ার। কোম্পানিটির বগুড়ায় স্থাপিত প্লান্ট থেকে উত্তরবঙ্গে এলপিজি সরবরাহ করত।
জানা যায়, দেশের উত্তরাঞ্চলে সিলিন্ডার বিক্রির জন্য এ কোম্পানিটিকে প্রতিবছর ২ হাজার মেট্রিক টন গ্যাস সরবরাহ করার কথা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। বিপিসি প্রতিষ্ঠানটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে লোকসানের মধ্যে পড়ে লিন্ডে।
লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরফান এস. মতিন বাংলানিউজকে জানান ‘লিন্ডের অনেক ব্যবসা রয়েছে, এখান থেকে শুধু এলপিজি ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কি কারণে বিক্রি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে এফরান এস মতিন জানান, প্রধান কারণ হচ্ছে লোকসান।
তিনি জানান আমাদের নিজেদের আমদানি করার কোনো সুযোগ নেই। বিপিসি এলপিজি সরবরাহ করার কথা। কিন্তু তারা গত সেপ্টেম্বর থেকে এলপিজি সরবরাহ বন্ধ করে দিয়েছে।
জানা যায়, ৯০ দশকের মাঝামাঝি সময়ে লাইসেন্স পায় লিন্ডে, তবে উৎপাদন যায় ২০০০ সালে। বিপিসির নিজস্ব প্লান্টে এলপিজি গ্যাস সিলিন্ডার উৎপাদন ও বিপননে যুক্ত থাকার কারণে লিন্ডে গ্যাস সরবরাহ ঘাটতি পড়ে। লিন্ডেকে প্রতি বছর ২ হাজার টন গ্যাস সরবরাহ করার কথা থাকলেও বিপিসি সরবরাহ কমিয়ে দিতে থাকে।
এদিকে বিপিসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের চাহিদা পূরণ করে লিন্ডেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণেই গত সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তারা।
লিন্ডে সূত্রে জানা গেছে, ১৩০ বছর ধরে লিন্ডে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করছে। পাকিস্তান আমল ১৯৫৮ সাল থেকে এ প্রতিষ্টানটি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯৭১ সালে এ প্রতিষ্ঠানটির নাম বদলে হয় বাংলাদেশ অক্সিজেন লিমিটেড। ৯৫ সালে এর নাম হয় বাংলাদেশ অক্সিজেন করপোরেশন। নতুন করে এ প্রতিষ্ঠানটি আবার ২০০৬ সালে নাম পরিবর্তন করে হয় লিন্ডে বাংলাদেশ। শিল্পকারখানায় কেমিক্যাল সরবরাহ করাই এ প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
এসই সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর