 |
সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালের জন্মদিন ২০ জুন বুধবার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির ১০১ তম জন্মদিনটি নানা আয়োজনে পালন করছে ছায়ানট।
কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে ছায়ানট সংস্কৃতি কের্ন্দের দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে রয়েছে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় ছায়ানট মিলনায়নে বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
কবি সুফিয়া কামাল বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন।
যে সময়ে কবির জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হত। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ-সুবিধা তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ এক রকম নিষিদ্ধ ছিল। এরকম বৈরী পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।
কবি সুফিয়া কামালের নের্তৃত্বে ১৯৬১ সালে রবীন্দ্র-জন্মশতবার্ষিকী উৎযাপনের পর একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন কয়েকজন সংগঠক। কবি সুফিয়া কামালসহ সংগঠকদের মধ্যে ছিলেন মোখলেসুর রহমান (সিধু ভাই নামে পরিচিত), শামসুন্নাহার রহমান, ওয়াহিদুল হক প্রমুখ। সুফিয়া কামালকে সভাপতি আর ফরিদা হাসানকে সম্পাদক করে প্রথম কমিটি গঠিত হয়। কমিটিতে আরো ছিলেন জহুর হোসেন চৌধুরী, সাঈদুল হাসান, সাইফুদ্দীন আহমদ মানিক, মিজানুর রহমান ছানা, মোখলেসুর রহমান, কামাল লোহানী, ওয়াহিদুল হক, সনজীদা খাতুন, আহমেদুর রহমান প্রমুখ।
কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশী নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।
এক নজরে সুফিয়া কামালের রচনাবলী:
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া (১৯৩৮), মায়া কাজল (১৯৫১), মন ও জীবন (১৯৫৭), শান্তি ও প্রার্থনা (১৯৫৮), উদাত্ত পৃথিবী (১৯৬৪), দিওয়ান (১৯৬৬), মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)।
গল্প: কেয়ার কাঁটা (১৯৩৭)।
ভ্রমনকাহিনী: সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)।
স্মৃতিকথা: একাত্তুরের ডায়েরি (১৯৮৯)
পুরস্কার ও অর্জন
সুফিয়া কামাল ৫০টিরও বেশী পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ
বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), সোভিয়েত লেনিন পদক (১৯৭০), একুশে পদক (১৯৭৬), বেগম রোকেয়া পদক (১৯৯২), জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫), দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল (১৯৯৬), স্বাধীনতা দিবস পদক (১৯৯৭)।
বাংলাদেশ সময় ১৫৩০, জুন ২০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান