 |
ঢাকা: ভালো ও মন্দের লড়াই চিরকালীন। এ লড়াইয়ে সব সময় যদিও ভালোরই জয় হয় তবু মন্দ এত মোহনীয়, এত আকর্ষণীয় রূপ ধরে থাকে যে মানুষ খুব সহজেই ওই মোহ আর লোভের জালে আটকা পড়ে যায়। কিন্তু এক সময় মন্দ যখন তার আসল চেহারাটা দেখায় মানুষ তখন সম্বিৎ ফিরে পেয়ে ওই জাল কেটে বেরিয়ে আসতে চায়।
এই মৌলিক সত্যটি অবলম্বন করেই প্রতিদিনের ধারাবাহিক ‘অগ্নিপথ’ - এর নাট্যপ্রয়াস।
বেসরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পরীক্ষা চলছে। এ পরীক্ষায় অংশ নিয়েছে শহরের ভীষণ প্রতাপশালী নারী জিনাত শিকদারের বখাটে ছেলে তালাত শিকদার। পরীক্ষার হলে বসে সে প্রায় খোলাখুলিভাবেই নকল করে। কলেজের প্রবীণ শিক্ষক অধ্যাপক জাহিদ তালাতকে প্রথমে সাবধান করেন, তালাত শোনে না। তখন জাহিদ সাহেব তালাতকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করেন। এরপর কলেজের ক্যাম্পাসে তালাতের হাতে খুন হন অধ্যাপক জাহিদ। এটা খুব কাছ থেকে দেখে ফেলেন অধ্যাপক রহমান। তিনি সিদ্ধান্ত নেন, নিজে বাদী হয়ে অধ্যাপক জাহিদ হত্যার মামলা করবেন এবং আইনি লড়াই চালিয়ে এ বর্বর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করবেন।
এখান থেকে ‘অগ্নিপথ’ এর ভালো-মন্দের যুদ্ধটা শুরু হয়। অগ্নিপথ মূলত মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কাহিনী।
গল্পটির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করছেন- হাসান ইমাম, নিমা রহমান, আফরোজা বানু, মাসুম আজিজ, মৌসুমী নাগ, সীমানা, শোয়েব, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ, গাজী রাকায়েত, জ্যোতিকা জ্যোতি, মুনিয়া, শিরিন বকুল, জ্যোৎস্না প্রমুখ ।
বৈশাখী টেলিভিশনের জন্য প্রতিদিনের ধারাবাহিক ‘অগ্নিপথ’ নাটকটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান পথিক। ২৭ সেপ্টেম্বর প্রচারিত হতে যাচ্ছে অগ্নিপথের ১০০তম পর্ব।
ধারাবাহিকটি পরিচালনা করছেন রিপন নবী। প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এমকে/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর