চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মো. আলী হোসেনের ছেলে। নিহত আলম সীতাকুণ্ড পৌর সদরে আলম রিপেয়ারিং নামে একটি সিএনজি গ্যারেজের মালিক ছিলেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম একটি অটোরিক্সা মেরামতের পর তা সচল হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে সিএনজি চালিত অটোরিক্সাটি চালিয়ে কিছু দূর যান। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সার্জেন্ট আরিফুল ইসলাম জানান, নিহত আলমের মৃতদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকেই তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
এঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক কিংবা অন্য কাউকে আটক করা যায়নি বলে জানান সার্জেন্ট আরিফুল।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর