৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৫৯ এএম BDST banglanew24
13 Sep 2012   12:31:07 AM   Thursday BdST
E-mail this

ছাড়ার আগে ভেগে গেলো ভাড়া প্লেন, মাস্কাটে আটকা বিমানের ৩শ’ যাত্রী


ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছাড়ার আগে ভেগে গেলো ভাড়া প্লেন, মাস্কাটে আটকা বিমানের ৩শ’ যাত্রী

ঢাকা: মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইটের জন্য তিন শতাধিক যাত্রী বোর্ডিং (উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তের প্রক্রিয়া) পাস নিয়েছেন। ফ্লাইটের কেবিন ক্রুরা উড়োজাহাজে আরোহন করেছেন। আর ঠিক তখনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা উড়োজাহাজ বোয়িং ৭৪৭ এর ক্যাপ্টেন জানালেন তারা ঢাকা যাবেন না। উড়োজাহাজ নিয়ে তারা আইসল্যান্ড চলে যাবেন।

বোয়িং ৭৪৭ ক্যাপ্টেনের এই আকস্মিক ঘোষণায় স্তম্ভিত বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা। ক্যাপ্টেন জানালেন, তার মালিকানা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে বোয়িং ৭৪৭ ঢাকা যাবে না। এ অবস্থায় উড়োজাহাজ থেকে কেবিন ক্রুদের নামিয়ে দেওয়া হলো। যাত্রীরা অগত্যা মাস্কাটে আটকা পড়লেন। এ ব্যাপারে বিমানের স্টেশন ম্যানেজারসহ অন্যদের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পায় নি তারা।

বিমানের শিডিউল অনুযায়ী, মাস্কাট থেকে বোয়িং ৭৪৭ ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সবকিছু ভেস্তে গেল বোয়িং ক্যাপ্টেনের ঘোষণা শুনে। অনিশ্চয়তার মধ্যে বসে রইলেন কয়েকশ’ যাত্রী।

বোয়িং ৭৪৭’র আকিস্মকভাবে বিমান ছেড়ে চলে যাওয়ায় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ভেঙে পড়েছে। কারণ,  সেপ্টেম্বর মাসজুড়ে এই উড়োজাহাজ দিয়ে বিমানের রুট পরিকল্পনা করা হয়েছে।  

এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে বোয়িং ৭৪৭ মাস্কাট যায়। ফিরতি ফ্লাইটে উড়োজাহাজটির ঢাকায় আসার কথা ছিল।

বিমান সূত্রে জানা গেছে, পুরো সেপ্টেম্বর জুড়ে এই উড়োজাহাজের বিমানের বহরে থাকার কথা ছিল। আর তাই বিমান কর্তৃপক্ষ এই উড়োজাহাজ দিয়ে কিছু হজ যাত্রী পরিবহনেরও পরিকল্পনা নিয়েছিল।

বিমানের একজন পদস্থ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “বিমানের সঙ্গে ভাড়ার টাকা নিয়ে বনিবনা না হওয়ায় তারা কাউকে কিছু জানিয়ে চলে গেছে।”

ওই কর্মকর্তা বলেন, “চুক্তি অনুযায়ী বিমান প্রতি মাসে আড়াইশ’ ঘণ্টার কম সময় উড়োজাহাজ উড্ডয়ন করলেও ভাড়া প্রদানকারী কোম্পানিকে পুরো ঘণ্টার টাকা দিতে হবে। আর বিমান বলছে, বিষয়টি সঠিক নয়।  
 
বিমানের একজন বৈমানিক বাংলানিউজকে বলেন, “বিমানের সঙ্গে বনিবনা হোক কিংবা না হোক যাত্রীরা বোর্ডিং পাস নেওয়ার পর কোনো ভাড়া করা উড়োজাহাজের এভাবে চলে যাওয়ার মতো ঘটনা বিশ্বের কোনো এয়ারলাইন্সে ঘটেছে বলে আমার জানা নেই।”

বিমানের অন্য একটি সূত্রে জানা গেছে, বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি পুনরায় ভাড়া নেওয়ার কথা ছিল বিমানের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আর এ কারণেই লিজ প্রদানকারী কোম্পানি বিমানকে না বলে চলে গেছে। কারণ সামনে হজের মৌসুম। সারাবিশ্বেই এ সময়টাতে উড়োজাহাজের চাহিদা থাকে। এই সুযোগ কাজে লাগাতেই তারা এ কাজ করে থাকতে পারে।   

কাউকে কিছু না জানিয়ে বিমানের ভাড়া করা উড়োজাহাজ বোয়িং ৭৪৭ মাস্কাট থেকে চলে যাওয়ার ঘটনায় বিস্মিত সবাই।

বিমানের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, এর ফলে এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের পছন্দের কোম্পানি থেকে উড়োজাহাজ ভাড়া নেওয়ার পথ প্রশস্ত হলো।  

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২   
আইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান