 |
মানিকগঞ্জ: মানিকগঞ্জে নিয়মিত গ্যাস সরবারহের দাবিতে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি নিনা রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ।
এসময় বক্তারা বলেন, বাসা বাড়িতে রান্নার জন্য গ্যাস না পাওয়ার প্রধান কারণ হলো রাতের আধাঁরে সিএনজি পাম্প থেকে গ্যাস চুরি হওয়া। প্রতিদিন গভীর রাতে আকিজ রাইজিং স্পিনিং মিল ও তারাশিমা এ্যাপারেলস শত শত সিলিন্ডার ভর্তি করে গ্যাস নিয়ে যায়।
তারা বলেন, গ্যাস চুরি প্রতিরোধ করতে হবে। একইসঙ্গে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে কমপক্ষে তিন ঘণ্টা গ্যাস সরবারহ নিশ্চিত করতে হবে।
বক্তারা জানান, রাজপথের গণ আন্দোলন কখনো বৃথা যায় না। নিয়মিত গ্যাস সরবারহ নিশ্চিত না হলে এরপর রড় ধরনের গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তিতাস গ্যাস অফিস ও ঢাকা আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হবে বলে হুশিয়ারি করে দেন তারা।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com