অ্যাকশন ও পলিসি রিসার্চ
শিশুদের স্কুল আর কর্তাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে রোজদিন
গৃহিণীদের কাছে স্লিপিং পিল বিক্রি নিষিদ্ধ হয় হয়,
প্রয়োজন উচ্চতর সামাজিক গবেষণা
প্রথমত খাদ্যাভ্যাস-
গ্রামদেশে পোয়াতি বউদের প্রিয় খাদ্য ছিল উনুনের পোড়া মাটি
আর কালচে তেতো কালোজিরা যে সদ্যপ্রসূতির বুকে এনে দেয় সাদা ফোয়ারা
সে তো সর্বজনবিদিত।
এসব ব্যাকগ্রাউণ্ড স্টাডি, মূলত সন্ধান এক বিশেষ খাদ্যের
খাদ্যের সঙ্গে কামের- বলা ভালো যৌনতার সম্পর্কও পুরনো
গণ্ডারের শিং এর গুড়ো বা বাঘের হাড়ের বটিকা নাকি পুরুষের শক্তি বাড়াত প্রাচীন চীনে।
এদেশের পুরুষেরা সে তুলনায় বঞ্চিত
আছে এক বেলপাতা- পৌরুষের প্রতীক
শিবপুজোয় লাগে- শিবের মত স্বামী পেতে
বীর্যও বাড়ে নাকি খেলে।
তো একেই কাজে লাগানো যাক,
নারীবাদী সুশীল আর এন জি ও সংলাপে উঠুক প্রস্তাবনা
এক. বেলগাছ চাষ করতে গ্রাম পর্যায়ে ঋণ দেওয়া হোক
দুই. অবিবাহিত পুরুষদের বেশ্যাগমনের সামাজিক স্বীকৃতি দেওয়া হোক
(গেইশা আর তাওয়াইয়েফ এর ধারণাকে পরিচিত করা যেতে পারে, আমাদের আছেন ফারজানা শাকিল আর কানিজ আলমাস, গ্রুমিং করতে তাঁদের জুরি নাই)
সতী-বেশ্যার স্পষ্ট বিভাজনে সতীরা তো বেঁচে গেছেন-বেঁচে আছেন-ঘুমটাই যা একটু সমস্যা
আর বেশ্যারা আছেন মরে (তাঁদেরও বেশ উন্নয়ন হবে)
মেয়েবেলার মামা কাকা পাড়াত ভাইদের ফেলে আসা গেছে বাপের বাড়ি
সমস্ত গ্লানিময় স্মৃতি সমেত,
কিন্তু শ্বশুর-ভাশুর-দেওরদের দিকে চোখ তুলে তাকাতে হবে তো
কেননা, গবেষণায় প্রাপ্ত
‘কোন বিশেষ খাদ্য নারী শরীরে অজাচারের দুঃস্বপ্ন এনে দেয় না’।
আরে প্রেম রে- বাপেরে মা
গাঞ্জার ছাইয়ে পোড়ে শিফনের ওড়না
রিকশায় চলে মফঃস্বলের কইন্যা।
এ তো নয় সেই ব্রহ্মপুত্র পাড়
প্রগতিশীলতা-শাহবাগ-সমাচার।
বন্ধু পিন্দে কাম জরজর জামা
বাষ্প দুঃখ- তুই সালোয়ার নামা।
বার দুই তিনে আৎকা পলায় মোহ
মন বড় হয়, ছোট হয় তাই দেহ।
নতুন শিক্ষা- মানুষ মূলত একা
আয়নায় আর চেহারা যায় না দেখা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৬জুলাই, ২০১২