 |
পাবনা: বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল পাবনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববারের হরতালে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার দোকানপাট বন্ধ ছিল। সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।
রাস্তায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমন-করিমন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা।
এদিকে, হরতালের সমর্থনে বিএনপির মিছিল, পিকেটিং না হলেও হরতালের বিরুদ্ধে দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতালে নাশকতার আশঙ্কায় শনিবার রাতে জেলার তিন উপজেলায় মোট ১১ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে ঈশ্বরদীতে তিনজন, চাটমোহরে পাঁচজন ও সাঁথিয়া উপজেলায় তিনজনকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ওই তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
প্রতিবেদন: শাহীন রহমান
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর