 |
ঢাকা: অবশেষে জাতীয় দলের আয়ারল্যান্ড সফরে রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। টি-টোয়েন্টি ক্রিকেটে তার কোনো আপত্তি নেই।
জুলাইয়ে আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যেতে চেয়েছিলো জাতীয় দল। বিসিবি সভাপতির আপত্তি এবং জরুরী বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আয়ারল্যান্ডকে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তাব দেওয়া হয়। একদিন পরেই ক্রিকেট আয়ারল্যান্ড থেকে ইতিবাচক জবাব আসে। কিন্তু সমস্যা হয় ভেন্যু নিয়ে। আইরিশ ক্রিকেট বোর্ড বিসিবিকে প্রস্তাব দেয় স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার খেলা দুটি নেদারল্যান্ডসে গিয়ে খেলতে হবে। সেক্ষেত্রে পরিবহন খরচ বেশি হবে বলে আয়ারল্যান্ডকে এখনও বোর্ড থেকে জবাব দেওয়া হয়নি।
তবে বিসিবি সভাপতি বুধবার জানিয়েছেন বাংলাদেশ দল ইউরোপে খেলতে যাবে। তিনি বলেন, ‘জতীয় দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে গিয়েই খেলবে। টি-টোয়েন্টি যেখানে হোক আমরা খেলতে যাবো।’
সম্ভবত ১৩ থেকে ২৫ জুলাই ইউরোপ সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৮ জুলাই থেকে আয়ারল্যান্ডে খেলা। টানা ম্যাচ খেলে ২৫ জুলাই নেদারল্যান্ডস থেকে দেশে ফিরতে পারেন ক্রিকেটাররা। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ ছাড়াও তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে। এরপর নেদারল্যান্ডসে গিয়ে আরও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর