নিরবতা
নিরবতার চেয়ে
কে আছে এমন আপন
বিরল প্রেরণায়
পাড়ি দেবে ঘুম।
আছে প্রগাঢ় কিছু -
মৃত্যুর মতো
শিথানে তার পাহারাদার
ইহকাল – পরকাল।
নিরবতা-
কারে চিনি বলো
কার নামে ডাকি।
আমি ইশারা গড়ি
নিরবতায় চুরি করে
নির্জনে বাঁধি।
বালিয়াড়ি পেরিয়ে
নিঝুম এক দ্বীপ
ইচ্ছেরা সব নির্বাসনে
মানুষ মানুষ খেলে।
ইচ্ছের অবুঝ দহনে
নিরবতা হাজির
আহা প্রাণ যেমন।
হয়তো বুঝি না কাউকে
প্রাণের মাঝে ডেকে
চিন পোশাকে
আমার ইশারায় খেলে।
যমজ গল্প
যমজ গল্পে জড়িয়ে ছিলো পশমী বিকেল
আমরা ক্রমশ
জট খুলে হারিয়ে যাই উলের বনে
যেতে চেয়েছিলাম নদী তীরে-
বাহাসে উড়াই নারী আর পরিবেশবিদ্যা।
গল্পে ঘুমিয়ে থাকে
কোলাহল আর শৌখিন নৌভ্রমণ
কৃষক কৃষক খেলা
কবির দল এসে বলে
সবই ভান, এরা কেউ সত্য নয়
এসো ভেঙে দিই বেহুলার বাসর।
পথিক
এসো সত্য খুঁজি
অকালবোধনে জাগিয়ে তুলি সূর্য
আয়না ভেঙে ছড়ায় চারপাশ ।
যমজের পেটে ঘুমিয়ে থাকে
নারী, নগর, নদী, আকার-নিরাকার।
সবই আছে গল্পে
শুধু আয়নাটা নেই।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১২