 |
লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসি। ম্যানসিটি ৩-২ গোলে সাউদাম্পটনকে এবং ব্লুজরা ২-০ ব্যবধানে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে।
ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা চ্যাম্পিয়নদের মতো হয়নি ম্যানসিটির। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। সামির নাসরির পাস থেকে দুর্দান্ত শটে জালে বল পাঠান কার্লোস তেভেস। এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিশ্রামের পর ৫৯ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা রিকি ল্যাম্বার্ট। ৬৮ মিনিটে সাউদাম্পটনকে ২-১ ব্যবাধনে এগিয়ে দেন স্টিভেন ডাভিস। পিছিয়ে পড়ার কারণ ছিলো ম্যানসিটির। প্রথমার্ধে হাঁটুতে চোট পাওয়ায় মাঠ থেকে বেরিয়ে যান ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তবে তার পরিবর্তে বদলি হিসেবে মাঠে নেমে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন দেকো।
আগুয়েরোকে হারিয়ে কিছুটা ছন্দ পতন ঘটে ম্যানসিটির। আর সুযোগ ভালোভাবেই কাজে লাগায় সাউদাম্পটন। তবে পরিকল্পিত আক্রমণ করতে বেশিক্ষণ সময় নেয়নি রবার্তো মানচিনির শিষ্যরা। ৭২ মিনিটে দলকে সমতায় (২-২) ফেরান দেকো। আর ৮০ মিনিটে ম্যানসিটির জয় নিশ্চিত করেন নাসরি।
এদিকে জয় পেয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তারা ২-০ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে। গোল করেন ইভানোভিচ ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এছাড়া নিউক্যাসল ইউনাইটেড ২-১ ব্যবধানে জিতেছে টটেনহাম হটস্পারের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি