 |
| ছবি : দেলোয়ার হোসেন বাদল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা সার্কিট হাউস থেকে সোমবার সকাল ১১টার পর কলারোয়া সরকারি কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে কলারোয় সরকারি কলেজের নতুন ভবনের ফলক উন্মোচন করবেন তিনি।
কার্যত এর মাধ্যমে তিন দিনব্যাপী সাতক্ষীরা সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করলেন তিনি।
এছাড়াও এদিন তিনি একটি জনসভা ও বেশ কয়েকটি পথসভায় অংশ নেবেন।
জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, প্রথম দিনের কর্মসূচি শেষে সাতক্ষীরা সার্কিট হাউসে অবস্থান করেন এরশাদ। বেলা ১১টায় কলারোয়া সরকারি কলেজে ফলক উন্মোচন করবেন। ১২টায় কলারোয়া উপজেলা পরিষদ মাঠে জাতীয় পার্টি আয়োজিত পথসভায় যোগ দেবেন।
পথসভা শেষে দুপুরে সার্কিট হাউসে ফিরে দুপুরে খাবার খাবেন। এরপর বিকেল তিনটায় তালা কলেজের নতুন ভবনের ফলক উন্মোচন ও তালা সরকারি কলেজ মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, সাতক্ষীরা সফরের মাধ্যমে এরশাদের জেলা সফর শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাবেন তিনি।
এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতারা।
সাতক্ষীরার চারটি আসনের মধ্যে বর্তমানে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে জাতীয় পার্টির এমপি রয়েছেন। আগামী নির্বাচনে চারটি আসনই ঘরে তুলতে চায় জাতীয় পার্টি।
রোববার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় এরশাদ বলেন, ‘সাতক্ষীরাবাসী আমাকে বিগত নির্বাচনে দুটি আসন দিয়েছে। আমি এবার চারটি আসন দেওয়ার আবেদন নিয়ে এসেছি।’
তৃতীয় ও শেষ দিন মঙ্গলবার সকাল ১১টায় ভোমরা স্থলবন্দর পরিদর্শন ও সাতক্ষীরা সদর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
উল্লেখ্য, ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের মধ্যে সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া) আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার শেখ মজিবুর রহমান, সাতক্ষীরা-২ (কালীগঞ্জ-শ্যামনগর) আসনে জাপার এইচএম গোলাম রেজা, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা) আওয়ামী লীগের প্রার্থী আফম রুহল হক, সাতক্ষীরা-৪ (সদর) জাপার এম এ জব্বার এমপি নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১২
ইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর