ঢাকা: স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা কর্মচারীদের শেয়ার লেনদেন করা সিকিউরিটিজ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আইনের তোয়াক্কা না করে নিজ নামে শেয়ার লেনদেন করেছেন ডিএসই’র (ঢাকা স্টক এক্সচেঞ্জ) মনিটরিং বিভাগের কর্মকর্তা বিমল চন্দ্র মণ্ডল।
তবে অভিযোগ ওঠার পর তিনি ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পদত্যাগ করেছেন বলে হিউম্যান রিসোর্স বিভাগ (এইচআর) সূত্রে জানা গেছে।
ডিএসইর এইচআর বিভাগ বাংলানিউজকে জানান, বিমল চন্দ্রের নামে অবৈধভাবে শেয়ার লেনদেন করার অভিযোগ ওঠার পর একটি তদন্ত কমিটি করেছিল ডিএসই। কিন্তু কমিটি কোনও অনিয়ম খুঁজে পায়নি।
তবে তিনি কেন পদত্যাগ করেন জানতে চাইলে ডিএসইর এইচআর বিভাগ জানায়, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে ডিএসই এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
জানা যায়, মশিউর সিকিউরিটিজে বিমল চন্দ্র মণ্ডলের একটি বিও হিসাব আছে। যার কোড নম্বর-০৫৫২৭৮। একই হাউজে বিমল চন্দ্র মণ্ডলের ভাই গৌতম কুমার মণ্ডল এবং স্ত্রী রীনা মণ্ডলের নামে থাকা দুই বিও হিসাবেও লেনদেন করেছেন তিনি।
এ ব্যাপারে বিমল চন্দ্র মণ্ডলের ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ডিএসইর প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান বাংলানিউজকে বলেন, ক্ষমতাবলে ডিএসইর প্রেসিডেন্ট সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগ সম্পর্কে কোন মন্তব্য করতে পারে না। তাই বিষয়টি আমার জানা নেই। আমি এ বিষয়ে কিছু বলতে পারিনা।
জানা যায়, বিমলের বিও হিসাবে কোনো টাকা ছিল না । কিন্তু তারপরও লেনদেন করা হয়েছে বিপুল পরিমাণে শেয়ার। বিভিন্ন সময় তুলে নেয়া হয়েছে মুনাফাও। সব ধরণের নিয়মনীতি উপেক্ষা করে শেয়ার লেনদেনের এ ঘটনা ঘটেছে।
লেনদেনের তথ্যে দেখা গেছে, গৌতম কুমার মণ্ডল নামের বিও হিসাব যার ক্লাইন্ট কোড ১০৩১৫৭। এ অ্যাকাউন্টে ২০১০ সালের ১৪ জানুয়ারি মাত্র ৩০০ টাকা ছিল। এরপর কোনো টাকা জমা না দিয়েই ২০ জানুয়ারি কেনা হয় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২০০ শেয়ার। যার বাজারমূল্য ছিল ৬ লাখ ৫০ হাজার টাকার কিছু বেশি। এসব টাকাই ওই বিও হিসাবটিতে দেখানো হয়েছে ঋণাত্মক হিসেবে।
অবার গত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কোম্পানির সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার শেয়ার কেনা হয় এই বিও হিসাবে। ২২ ফেব্রুয়ারি প্রাইম ইন্স্যুরেন্সের ৩০০ শেয়ার বিক্রি করে ১ লাখ ৭৯ হাজার টাকা মুনাফা জমা হলে পুরোটাই তুলে নেয়া হয়। এ বিও হিসাবের ২০১২ সালের ৭ আগস্ট পর্যন্ত লেনদেনের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
এতে দেখা গেছে, এ সময়ের মধ্যে হিসাবটিতে কোনো টাকা জমা না দিয়ে বিপুল পরিমাণ শেয়ার লেনদেন করে বিভিন্ন সময় বড় অঙ্কের মুনাফা তুলে নেয়া হয়েছে। মুনাফা জমা হয়েছে ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি শাখার ১১০১০১৪৮৮০৭ নং অ্যাকাউন্টে।
একইভাবে রিনা মণ্ডলের নামে থাকা বিও নম্বরেও বিপুল পরিমান শেয়ার কেনাবেচা করা হয়। যার কোড নম্বর-০৬২২১৬। ২০০৭ সালের ২৪ জুলাই থেকে ২০১১ সালের ১২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে এ বিও হিসাবটিতেও ধরণের টাকা জমা না দিয়েই কেনা-বেচা করা হয় বিপুল পরিমাণ শেয়ার।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর