 |
ঢাকা: সরকার ঘোষিত ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সুদানের রাজধানী খাতুর্মে শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা।
এ সময় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ হয় বলে জানা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিস লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাজধানী খার্তুমের একটি মসজিদের পাশে বিরোধী দলের ডাকা প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় বিক্ষোভকারীরা। এ সময় সুদানি পতাকা এবং ‘জনগণ বর্তমান শাসকের পতন চায়‘ শীর্ষক ব্যানার বহন করে বিক্ষোভকারীরা । উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যের ‘আরব জাগরণ’র সময় এ স্লোগানটি উচ্চারিত হতো প্রতিবাদকারীদের কণ্ঠে।
সুদানের বিরোধী দল উম্মা পার্টি এই বিক্ষোভের ডাক দেয় বলে অংশগ্রহণকারীরা জানায় সংবাদমাধ্যমকে। বিক্ষোভস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই প্রতিবাদ বিক্ষোভে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করতে সুদানি সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টিয়ার গ্যাস, রাবার বুলেট, তাঁজা গুলি ব্যবহার করে মানুষের মনের ক্ষোভকে দমানো যায় না।’
সরকারের ‘ব্যয় সংকোচন’ নীতি ঘোষণার পর গত ১৬ জুন থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত অজ্ঞাত সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সরকার বিরোধী বিক্ষোভ রাজধানী খাতুর্মের বাইরেও অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। নর্থ করদোফান প্রদেশে প্রায় দু’শতাধিক বিক্ষোভকারী ‘উচ্চ মূল্য নয়’ স্লোগান দেয়। এছাড়া খাতুর্মের নিকটস্থ আল জাজিরা প্রদেশের রাজধানী ওয়াদ মাদানিতেও বিক্ষোভ হয় বলে জানা গেছে। পুলিস টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর