 |
গণজাগরণ মঞ্চ থেকে: রাজাকারদের এক বিভ্রান্তির তালিকা ঝুলছে চারুকলার পাশের দেয়ালে! বিশাল আকারের লাল সেই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে জামায়াতের বা কুখ্যাত কোনো রাজাকারের নাম নেই। এই তালিকায় ১১ নাম্বারে রয়েছে গোলাম আযমের নাম।
এই বিভ্রান্তিকর তালিকায় প্রথম ৫০-এ কাদের মোল্লা, কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বর্তমানে যারা মানবতাবিরোধী অপরাধী হিসেবে কারাগারে যারা আছেন তাদের কারো নামই নেই।
তবে এই তালিকায় কে বা কারা টানিয়েছেন তা কেউ জানে না।
রাজাকারদের এই অদ্ভুত তালিকা সম্পর্কে প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে সাথে কথা বলা হলে তারা জানায়, এ বিষয়ে তারা কিছুই জানে না। এখানে সংহতি প্রকাশ করতে এসে অনেকেই অনেক কিছু করছেন সব কিছু তাদের নজরে রাখা সম্ভব না। তবে এই তালিকা তাদের কেউ টানায়নি।
তালিকাটির সামনে সোমবার বিকেল থেকে ভিড় জমে। তালিকায় চোখ বুলাতে গিয়ে বিভ্রান্তি পরেন দর্শনার্থীরা।
তালিকা দেখার পর জুবায়ের আহমেদ নামক একজন বলেন, “যে কসাই কাদের নিয়ে এতো স্লোগান, আন্দোলন তাদের কারোই নাম দেখতে পাচ্ছি না এ তালিকায়। তাহলে কি তারা রাজাকার না। আর যদি রাজাকার না হবে তাহলেতো আন্দোলনের দরকারই নেই। কিন্তু তাদের সব কিছুইতো আদালতে প্রমাণিত হয়ে গেছে। তাহলে কার নির্দেশে এই তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়া তালিকাটি ছাত্রলীগ টানাতে পারে বলে ধারণা অনেকের। কিন্তু যোগাযোগ করা হলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুল কবির রাহাত বিষয়টি অস্বীকার করেন।
রাহাত বলেন, “এই তালিকা সম্পর্কে তো আমরা কিছুই জানিই না। ছাত্রলীগ বা এর সংশ্লিষ্ট কেউ এ তালিকা টানায়নি।”
যুদ্ধাপরাধীদের এই তালিকা নিয়ে প্রজন্ম চত্বরে আসা মানুষদের মনে সংশয় সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এটা জামায়াত শিবিরের কাজ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/আরআর eic@banglanews24.com