ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত আমরা টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সকল পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কোম্পানি সচিবকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এসইসির মেম্বার (এনফোর্সমেন্ট) রুমে শুনানিতে ডাকা হয়েছে প্রতিষ্ঠানটিকে। শুনানিতে আইন লঙ্ঘনের কারণ, লিখিত বক্তব্য ও সফট কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিলের অর্থ ব্যবহারে আমরা টেকনোলজি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উপদেষ্টা ফি বাবদ খরচ দেখানো হয়েছে ৫৯ লাখ টাকা।
কিন্তু, এসইসিতে দাখিল করা প্রসপেক্টাসে এ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে এসইসি কোম্পানি ও কোম্পানি পর্ষদকে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর eic@banglanews24.com