 |
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও হুমায়ুন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ এবার ভারতের দু‘টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছে। ১৩ থেকে ২০ ডিসেম্বর ভারতের চলচ্চিত্র নগরী চেন্নাইতে অনুষ্ঠিত হবে ১০তম চেন্নাই ইন্টান্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যাল। এতে চলচ্চিত্রটি অংশ গ্রহণ করছে। এ উৎসবে সারাবিশ্বের মোট ৪৫টি দেশের ১৬০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে।
এছাড়া আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর বেঙ্গালুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যালেও অংশ নিচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’। এখানেও মোট ৪৫টি দেশের ১৭৫টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে ‘ঘেটুপুত্র কমলা‘র অংশগ্রহণ করছে।
উৎসবে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ডেলিগেট। বাংলাদেশ থেকে উৎসব দুটিতে প্রতিনিধিত্ব করবেন প্রয়াত চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল, অনি, প্রান্তি, পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মামুন।
বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
জিআর