 |
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ২৮৮ কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকা। এর আগে গত বছরের ৩১ জুলাই ডিএসইর সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকা। একই সঙ্গে বুধবার ডিএসইর মূল্যসূচকও বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৮৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।
আগের তিনদিনের মতো এদিনও লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে, পৌনে ১১টায় ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে, সোয়া ১১টায় ১০৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে, দুপুর সাড়ে ১২টায় ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৭ পয়েন্টে, ১টায় ১২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৩ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তীত রয়েছে ৭টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে - বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, আরএন স্পিনিং, গোল্ডেন সন, বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, সায়হাম কটন মিলস ও সিএমসি কামাল।
অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ৯২ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৩৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর