 |
| ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
বইমেলা থেকে: গতকাল বিরূপ আবহাওয়ায় প্রায় পণ্ড হয়ে গিয়েছিল অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনটি। দিনভর হালকা বৃষ্টি আর ঠাণ্ডা বাতাসের প্রাদুর্ভাব এবং স্টলগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্ধ্যার পরই মেলা হয়ে পড়ে জনশূন্য। তবে সোমবার প্রকৃতির স্বাভাবিকতায় কেটে গেছে মেলার আঁধার। মেলায় আসছে বইপ্রেমী মানুষের দল। জমতে শুরু করেছে আজকের দিনের বইমেলা।
গতদিনের হতাশা মুছে গেছে বিক্রেতাদের চোখ মুখ থেকে। আজ ও আগামী দিনগুলোর বইমেলা নিয়ে আশাবাদী প্রকাশকেরা। স্টলে স্টলে আগতরা বই দেখছেন। বাছাই করছেন নিজের পছন্দের বই, মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখে কিনছেন এক একটি বই।
মেলায় আগত পাঠক-ক্রেতাদের সঙ্গে হরতাল ও বইমেলা প্রসঙ্গে কথা হয় বাংলানিউজের সংবাদকর্মীদের। টঙ্গী থেকে আসা আফজাল হোসেন বলেন, “মেলায় গতকালই আসব ভেবেছিলাম, তবে দিনভর বৃষ্টি, ঠাণ্ডা বাতাসের জন্য আর আসা হয়নি। আজ এসেছি হরতাল প্রত্যাখ্যান করে। সাধারণত হরতালের দিনে জার্নি এভয়েড করতে চেষ্টা করি। কিন্তু আজ কিছুতেই এই হরতাল মেনে নিতে পারি নি। তাই সেই প্রতিবাদ জানাতেই এতদূর থেকে বইমেলা আসা।”
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজকের বইমেলা নিয়ে তাদের প্রত্যাশা। একজন বিক্রেতা বলেন, “গতকাল যেহেতু মেলার একটা দিন নষ্ট হয়েছে তাই প্রত্যাশা করছি আজকের দিনটি আমাদের জন্য ভালোই যাবে। পাঠকেরা যারা গতকাল আসতে চেয়েছিলেন তারা আজ আসবেন। ২৮ দিনের মেলা ১৭ দিন হয়ে গেল। গতকালের দিনটি আজ পুষিয়ে যাবে আশা করছি।”
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর